বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর মহান দয়া এবং কৃপায় ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম!
মানুষের শরীরের ছোট্ট একটি অঙ্গ হলো জিহ্বা। কিন্তু এই ছোট্ট জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতের অধিকারী হতে পারে, আবার এই জিহ্বার কারণেই জাহান্নামের শাস্তির উপযুক্ত হতে পারে। মানুষ নিজের হাত-পা দিয়ে যে ক্ষতি করতে পারে, অনেক সময় তার চেয়েও বেশি ক্ষতি করতে পারে একটি অসতর্ক কথার মাধ্যমে।
আজ আমাদের আলোচনার বিষয়—অশ্লীল ভাষা প্রয়োগকারীর পরিণতি কত ভয়াবহ।
বর্তমান সমাজে আমরা দেখতে পাই, সামান্য রাগ হলেই মানুষ গালাগালি শুরু করে। রাস্তায় ঝগড়া, বাজারে বিবাদ, পারিবারিক কলহ, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ একে অপরকে অশ্লীল ভাষায় আক্রমণ করে। অনেকে আবার মনে করে, গালাগালি করা পুরুষত্বের পরিচয়, সাহসের পরিচয় কিংবা আধুনিকতার পরিচয়। অথচ ইসলামের দৃষ্টিতে এটি সুন্দর চরিত্রের সম্পূর্ণ বিপরীত।
রাসুলুল্লাহ ﷺ অশ্লীল ভাষাকে নিষেধ করেছেন
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“মুমিন তিরস্কারকারী নয়, অভিশাপকারী নয়, অশ্লীলভাষী নয় এবং কদর্যভাষীও নয়।”
আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে হেফাজত করুন। আমাদের মুখ থেকে অশ্লীলতা, গালাগালি, মিথ্যা, অপবাদ ও কটু কথা দূর করে দিন। আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী করুন। আমাদের পরিবার, সমাজ ও সন্তানদের সুন্দর ভাষা ও উত্তম আখলাক শিক্ষা দেওয়ার তাওফিক দিন।

